বিসিএলে ইনিংস ব্যবধানে জিতল পূর্বাঞ্চল

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বিসিএলের প্রথম রাউন্ডে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচের ভাগ্যটাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল আগেরদিনই। গতকাল প্রথম ঘণ্টায়ই মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংস ও ৫৩ রানের জয় নিশ্চিত হয়েছে পূর্বাঞ্চলের। অমিত হাসানের ১৬২ রানের ইনিংসের পাশাপাশি মুশফিকুর রহিম, ইয়াসির আলী ও মাহমুদুল হাসানের ফিফটিতে ৪৬৩ রানের বড় সংগ্রহ পেয়েছিল পূর্বাঞ্চল। তাদের আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই হয়নি। প্রথম ইনিংসে ৩০৭ রান করা মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে মাত্র ১০৩ রানে। মূল কাজটা অবশ্য তৃতীয় দিনে মধ্যাঞ্চলের ৭ উইকেট নিয়ে এগিয়ে রেখেছিলেন খালেদ আহমেদহাসান মুরাদরা। ৮৩ রান আর ৩ উইকেট হাতে রেখে শেষদিনে ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চল যোগ করতে পেরেছে আর মাত্র ২০ রান। আগের দিন ১ উইকেট পাওয়া ইবাদত হোসেনই গতকাল তিনটি উইকেট নিয়েছেন। রাকিবুল হাসান, সাদমান ইসলাম আর এনামুল হক ক্যাচ দিয়েছেন তাঁর বলে। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। ইবাদতের ৪ আর খালেদ নিয়েছেন ৩ উইকেট। বাকি ৩ উইকেটের দুটি হাসান মুরাদের, একটি তোফায়েলের।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক কৃষকদের উন্নয়ন করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে কর্ণফুলী কালারপোল সেমিফাইনালে