চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে। এবার মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর। রেকর্ড ৪৮টি দল এতে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো– তিনটি দেশের যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ। আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ আসর। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। সহ–আয়োজক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বাংলাদেশে বিটিভি, টি–স্পোর্টস এবং সময় টিভি বিশ্বকাপের খেলা সম্প্রচার করবে। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই বিশাল আয়োজনের পরিসমাপ্তি ঘটবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।

ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ, আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়াকে ছাপিয়ে যেতে পারবে। এরই মধ্যে লক্ষ লক্ষ সমর্থক ভিড় জমাতে শুরু করেছেন ভেন্যুগুলোতে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আত্মবিশ্বাসের সঙ্গে এই আসরকে ‘পৃথিবী কখনও দেখেনি এমন সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী’ বলে অভিহিত করেছেন। যদিও ইনফান্তিনোর এই আশাবাদকে চ্যালেঞ্জ করেছে নানা সংশয়। এবারের আসরে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। তিন দেশের ১৬টি ভেন্যুতে ৩৯ দিনব্যাপী এই আসরে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে মোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বাদ পড়বে মাত্র ১২টি দল। নকআউট পর্বে উঠবে ৩২টি দল–প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। এই বিশ্বকাপে আরও বেশ কিছু নতুনত্ব দেখা যাবে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিটি ম্যাচে দুই অর্ধের মাঝামাঝি সময়ে কুলিং ব্রেক থাকবে, যাতে তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব কমানো যায়। খেলোয়াড় ও রেফারিদের বেশ কিছু নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। এর মধ্যে একটি হলো সময় নষ্ট ঠেকাতে দলগুলোকে ১০ সেকেন্ডের মধ্যে বদলি সম্পন্ন করতে হবে। বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখেন, তাহলে তিনি লাল কার্ড দেখার ঝুঁকিতে থাকবেন। আগামী মাসের ফাইনাল ম্যাচটি ইতিহাসের দীর্ঘতম ফাইনালগুলোর একটি হতে পারে। কারণ এতে সুপার বোল–ধাঁচের হাফটাইম শো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ম্যাডোনা, শাকিরা ও বিটিএস প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। এর ফলে প্রচলিত ১৫ মিনিটের বিরতির পরিবর্তে হাফটাইম বিরতি প্রায় ২৫ মিনিট দীর্ঘ হবে।
এর আগে যুক্তরাষ্ট্র (১৯৯৪) এবং মেক্সিকো (১৯৭০ ও ১৯৮৬) বিশ্বকাপ আয়োজন করলেও, কানাডার জন্য এবারই প্রথম বিশ্বমঞ্চের আয়োজক হওয়ার ঐতিহাসিক মুহূর্ত।
এদিকে শুরুর আগেই যেন শুরু হয়ে গেছে বাংলাদেশে বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপে নেই। কিন্তু তা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিশ্বকাপের খেলা দেখার জন্য মুখিয়ে আছে পুরো দেশ। ফুটবল উত্তেজনা মাঠে গড়ানোর আগেই বিভিন্ন দেশের সমর্থকরা টগবগ করে ফুটছেন। ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার পক্ষ নিয়ে শুরু হয়ে গেছে কথার লড়াই, যুক্তির লড়াই।











