২০২৬ বিশ্বকাপ শেষ হলেই সম্ভবত দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকেন রোনালদো এবং জর্জিনা। ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন তারা। তাদের দুই সন্তানও রয়েছে। স্বাভাবিক ভাবেই তাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে কৌতুহল ছিল ভক্তদের মধ্যে। রোনালদোর মোট পাঁচ সন্তান। তাদের দু’জনের মা জর্জিনা। রোনালদো–জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ জন। তাদের সুখের সংসার সম্ভবত এ বার পূর্ণতা পেতে চলেছে। আগামী সেপ্টেম্বরে তাদের চার হাত সরকারিভাবে এক হতে পারে। প্রেমিক–প্রেমিকা থেকে স্বামী–স্ত্রী হতে পারেন সিআর সেভেন এবং জর্জিনা। স্পেনের পত্রিকার খবর অনুযায়ী, রোনালদো–জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও তাঁরা নিজেরা এ ব্যাপারে কিছু জানাননি। গত বছর আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। সমাজমাধ্যমে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা। রোনালদোর উপহার দেওয়া বহুমূল্য হীরের আংটির ছবিও ভাল করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’ বিশ্বকাপের মাঝে স্পেনের পত্রিকাটির প্রতিবেদন নিয়ে মুখ না খুললেও প্রতিবাদও করেননি রোনালদো বা জর্জিনা। তাতে মনে করা হচ্ছে, প্রতিবেদনের দাবি সম্পূর্ণ অসার নয়। ফুটবলজীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসা ৪১ বছরের পর্তুগিজ তারকা হয়তো এ বার সত্যিই বিয়ে করবেন।











