সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ : সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেন অধ্যক্ষ বেনুয়ারা বেগম। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহসিন কলেজ শুধু চট্টগ্রামে নয়, সারা দেশের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পড়ার সুযোগ পাওয়া গৌরবের বিষয়। তিনি বলেন, কলেজে নিয়মিত ক্লাস করতে হবে। শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা রয়েছে, তাই সবাইকে ক্লাসে মনোযোগী থাকতে হবে।’
মোবাইল বা ইন্টারনেটের নেতিবাচক দিক এড়িয়ে ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সন্তানরা যেন নিয়মিত কলেজে আসে এবং পড়াশোনা করে, সেটি তদারকি করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক সারাহ পারীন। তিনি বলেন, শিক্ষার্থীরা কলেজে খুব অল্প সময় থাকে, বাকি সময়ের দেখভাল অভিভাবকদেরই করতে হবে।শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে কলেজ প্রশাসন পাশে থাকবে। প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া সভাপতিত্ব করেন। তিনি বলেন, কলেজের প্রথম দিনের স্মৃতিকে হৃদয়ে ধারণ করতে এই বর্ণিল আয়োজন। শিক্ষা শেষে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যুক্ত থেকে কলেজের মানোন্নয়নে অবদান রাখার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাকিলা রসুল, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ ইয়াসিন এবং নবীনদের পক্ষে ৪ জন শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন। এতে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান। দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজ : বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৮ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর, বাঁধাধরা নিয়ম–বিধির থেকে কলেজের পরিসর অতি উদার, এখানকার সামগ্রিক পরিবেশও অনেক বেশি উন্মুক্ত ও স্বাধীন। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে নিজেদেরকে আগামী জাতীর কাণ্ডারী ু রূপে গড়ে তুলতে সচেষ্ট হওয়ার এবং পরিপূর্ণ মানুষের স্বীকৃতিতে আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হওয়ার চেষ্টা করার উপদেশ দেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য শওকত আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, জাফর আহমদ, মোহাম্মদ আজগর, জানে আলম জিকু। উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক শাহেদা বেগম, অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক সুপর্ণা রায় চৌধুরী ও প্রভাষক মো. ইব্রাহিম শাহীন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সুচিত্রা চৌধুরী ও কলেজ সাংস্কৃতিক স্কোয়াড। এছাড়া সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল কলেজ রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।

ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ : ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে একাদশ শ্রেণির ছাত্র–ছাত্রীদের নবীন বরণ বৃহস্পতিবার সকাল ১১টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওমর আল সাবরীর পবিত্র কোরআন তিলাওয়াত, অহনা তালুকদারের গীতা পাঠ এবং আরাধ্য বড়ুয়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্টর এণ্ড কো–অর্ডিনেটর (শিক্ষা) লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব.)। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান। প্রতিষ্ঠানের নিয়ম–শৃঙ্খলা বিষয়ে ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও জিবি সদস্য সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। এরপর নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে নাইমা ইসলাম ও জেরিন জাহারা অনুভূতি ব্যক্ত করেন। আয়োজক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইশা আলম, তারান্নুম চৌধুরী ও ফাতিমা ওয়াহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী কলেজের বিগত দিনের সাফল্য তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এবং রেক্টর মহোদয় বর্তমান বিশ্বায়নের আগামী দিনের সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহীন বিনতে রশীদ, তাবিনা চৌধুরী তৃণা ও লাবিবা বিনতে মোমেন। অনুষ্ঠানের শেষে প্রভাষক বিপ্লব করের প্রযোজনায় সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার, শিউলি মহাজন, প্রভাষক পুজা বড়ুয়া, প্রদর্শক সুইটি দে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জরিনা–মফজল সিটি কর্পোরেশন কলেজ : শিক্ষার্থীদের প্রত্যেকের মধ্যে রয়েছে অমিত সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তাদের হাত ধরেই ভবিষ্যতে এই দেশ সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। কিন্তু প্রযুক্তির অপব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে। জরিনা–মফজল সিটি কর্পোরেশন কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে কলেজের এডহক কমিটির দাতা সদস্য হরমোজ শাহ বেলাল এই কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারের সভাপতিত্বে ও ভর্তি কমিটির সদস্য অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেন ভর্তি কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক শিপুল দে। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের গণিত বিষয়ের সহকারী অধ্যাপক সুজিত কুমার দে, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ইসরাত জাহান, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আবু হেনা মো. মহসীন।













