দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, যারা দলের মতের বিরুদ্ধে গিয়ে নৌকা প্রতীকের বাইরে নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকে আমি বিদ্রোহী প্রার্থী বলি না, এরা হলেন চোরা গুপ্তা প্রার্থী। এরা সুবিধাভোগী, দলের ক্ষতিকারক। এসব চোরা গুপ্তা প্রার্থীদের প্রতিহত করতে হবে।
গতকাল শনিবার বিকেলে আনোয়ারার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক। বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাব উদ্দীন হেলাল, সোহেল সিকদার, আজাদ সিকদার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, মোনায়েম খান, মহিদ্দিন আলমগীর টিটু প্রমুখ।











