বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান। বিগ ব্যাশে ১৬তম আসরে খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। গতকাল ঘরোয়া ‘ডি–থ্রি’ টুর্নামেন্টের নিলাম চলাকালে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিবিএলের আগামী আসরে খেলার জন্য এনওসি চেয়েছেন মোস্তাফিজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্রিকেটারের অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তামিম। এদিকে বিবিএলের গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ। আগামী আসরেও রিশাদ হোবার্টেই থাকছেন। গত মৌসুমে হোবার্টের হয় বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ শিকারী ছিলেন তিনি। মৌসুম শেষে হোবার্টের ‘প্লেয়ার অব দা ইয়ার’–এর স্বীকৃতি পেয়েছিলেন রিশাদ। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই নুরুল হুদা কাদেরী স্কুলে ইনডোর গেমস কর্ণার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-২০ লিগের সেমিতে আম্বিয়া স্পোর্টস