বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাজা না দেওয়ার বার্তা মোদীর

প্রশ্নফাঁস আন্দোলন

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতে বিক্ষোভের সময় তাকে লক্ষ্য করে গালিগালাজ করা তরুণ বা শিক্ষার্থীদের ক্ষমা করে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তাদের সাজা দেওয়া কিংবা বারবার আদালত হাজিরা দিতে বাধ্য করা চলমান পরিস্থিতি সমাধানে কোনো কাজে আসবে না। খবর বিডিনিউজের।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এতথ্য জানিয়েছে। নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়ে জুলাই মাসে। জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে বাধ্য করা হয়। ঘটনায় সুযোগসুবিধার অভাবে ক্ষুব্ধ তরুণদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে প্রশাসন শত শত আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করে। রাজধানী নয়া দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার চেষ্টাকালে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনাও ঘটে। ভিডিও বার্তায় মোদী বলেন, এরা ভুল পথে চালিত ছেলেমেয়ে। ওদের সঠিক পথ দেখানোই আমাদের দায়িত্ব। ওদের সাজা দেওয়া, আদালতে ঘুরতে বাধ্য করা কিংবা সমাজে অপদস্থ করা পরিস্থিতির কোনো পরিবর্তন আনবে না। আমি ওদের ক্ষমা করতে চাই।

পূর্ববর্তী নিবন্ধনির্মাতা শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো
পরবর্তী নিবন্ধপ্রখ্যাত পবর্তরোহী নির্মল পুরজাসহ নিহত ১০