ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ইচ্ছা করতে পারে, মানে বেডে ঘুমাইয়া নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখে, নাইটমেয়ারের মধ্যে দেখে, ‘আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি’। না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি গতকাল সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন হুমায়ুন কবির। ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খবর বিডিনিউজের।
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে গতকাল খবর দিয়েছে রয়টার্স। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। এ বিষয়ে এদিন সকালে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এরা (আওয়ামী লীগ) মনে করে যে, এগুলা (সহিংসতা) করে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না। আপনি যদি দেখে থাকেন, এটা উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। তারাই আতঙ্কিত হচ্ছে। এই টেররিস্টরাই আতঙ্কিত হচ্ছে। এজন্য আমি বলছি যে ‘জয় বাংলা’ এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগানে। মানে ‘জয় বাংলা’ বলেই মনে হয় কেউ মারতেছে দৌড়।
আরেক প্রশ্নে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান হবে দৃঢ়, এটাই বলতে পারি। আওয়ামী সন্ত্রাসীদের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।











