বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ে জুম খেতে বন্য শূকরের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন–নিয়াচং ম্রো, লুরিং ম্রো এবং মেনরু ম্রো। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ায় পাহাড়ে জুম খেতে চাষাবাদের কাজ করার সময়ে বন্য শূকরের আক্রমণে ৩ জন জুমিয়া কৃষক আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন স্থানীয়ভাবে কুরুকপাতা ইউনিয়নে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো বলেন, আহত ব্যক্তিরা তাঁর চাচা। বন্য শূকরের আক্রমণে তাঁরা আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।












