বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী মদ-সিগারেট উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ, সিগারেট ও বিভিন্ন ধরণের কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার মারিশ্যাদীঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় বিজিবি।

বিজিবি জানিয়েছে, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে বহনকৃত দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে১২ বোতল বিদেশী মদ, ৩৯ কার্টন (৩৯০ প্যাকেট) বিদেশী সিগারেট, ৫ বোতল কমফোর্ড, ১৫টি হারমন/ফেমাস সাবান, ৪টি ডাবর রেড টুথপেস্ট, ১৮০ প্যাকেট সানসিল্ক শ্যাম্পু এবং ২৪টি ফ্রেশ পাউডার। উদ্ধার মালামালের মূল্য এক লাখ ৩৮ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষে মারিশ্যা জোন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং মারিশ্যা এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে। দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘নজরুল বিদ্রোহের অগ্নিশিখা, সুরের অমৃত ধারা’
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু