ভাটা পরিচালনায় অনুমোদন না থাকায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি অবৈধ ইটভাটা আবারও বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটা বন্ধ করে দেয় বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। এ নিয়ে গেলো দুই মাসে তিনবার ভাটাগুলো বন্ধ করা হলো।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। তিনি বলেন, উপজেলার তিনটি ইটভাটায় শনিবার (গতকাল) বিকালে অভিযান চালিয়ে যাবতীয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং একই সঙ্গে পানি ছিটিয়ে প্রস্তুতকৃত ইটগুলো ধ্বংস করে নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, ইটভাটাগুলোকে এর আগেও দফায় দফায় জরিমানা করে বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু রাতের বেলায় আবার চালু করে। এবার যাবতীয় সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যদি তারা আবার ভাটাগুলো চালু করে, তাহলে নিয়মিত মামলা দিয়ে জেল দেয়া হবে।
প্রসঙ্গত, ইটভাটা পরিচালনায় অনুমোদন না থাকায় চলতি বছরের ১৬ জানুয়ারি রাঙামাটির বাঘাইছড়ির উপজেলায় এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার নামে তিনটি ইটভাটাকে আড়াই লাখ জরিমানা ও ভাটা বন্ধ করে দেয়া হয়। এরপর এক মাসের মাথায় আবারও ভাটাগুলো সচল করা হলে ১৮ ফেব্রুয়ারি একই ভাটাগুলোয় ৫০ হাজার টাকা করে দেড় টাকা জরিমানা করে প্রশাসন। এবারও ভাটা সচল করায় জরিমানা না করলেও পানি ছিটিয়ে ভাটা ধ্বংস করে দিয়েছে প্রশাসন।














