বিশ্বকাপ সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনের একদম শেষ দিকে প্রশ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, আর্জেন্টিনার প্রতি এদেশের মানুষের আবেগ–ভালোবাসা নিয়ে। লিওনেল স্কালোনি শোনান তার বিস্ময় ও ভালো লাগার কথা। আর্জেন্টিনার কোচ বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ উপহার দিতে চান বলেও জানান। আর্জেন্টিনার ফুটবলের সঙ্গে বাংলাদেশের মানুষের বন্ধন সামাজিক মাধ্যম হয়ে আর্জেন্টিনায় আছড়ে পড়ে মূলত গত বিশ্বকাপ থেকেই। এদেশের মানুষের আবেগের উষ্ণতা টের পেয়েছে আর্জেন্টিনার মানুষ, ব্যাখ্যাতীত অবিশ্বাস্য সমর্থনের কথা তারা জানতে পেরেছে। গত বিশ্বকাপের সেই ধারাবাহিকতায় এবারও ফুটবলকে ঘিরে দুই দেশের সেই বন্ধনের স্বাক্ষী হয়েছে গোটা ফুটবলবিশ্ব। আর্জেন্টিনা দলও তা ভালোভাবেই জানে। বাংলাদেশের অসংখ্য সমর্থকদের প্রতি আর্জেন্টিনার কোচ শোনান ভালোবাসার বার্তা। ‘সত্যি বলতে, এটা বিস্ময়কর। বাংলাদেশের মানুষেরা আমাদের সবসময়ই চমকে দেয়, আর্জেন্টিনা থেকে এত দূরে হয়েও। সত্যিই দারুণ। নিজ দেশের বাইরের মানুষদের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরতে দেখাটা বেশ ভালো লাগে। অসাধারণ ব্যাপার এটা। কাজেই ধন্যবাদ, কৃতজ্ঞতা।’












