বন্দর নগরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের প্রায় দুইশো বছরের পুরোনো ঐতিহ্যবাহী সিমাই খাল এখন দখল, ভরাট ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। একসময় নৌযান চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই খাল বর্তমানে ময়লার ভাগাড় ও অবৈধ স্থাপনার দখলে মৃতপ্রায় হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে আশপাশের হাজারো পরিবারকে। পূর্ব চাম্বলের দক্ষিণ ইজ্জতিয়া ব্রিজ এলাকা থেকে বাংলাবাজারের জলকদর খাল পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ, এই খাল অতীতে ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নৌপথ। কুতুবদিয়া ও মাতারবাড়িসহ উপকূলীয় এলাকার ব্যবসায়ীরা নৌকা ও সাম্পানে করে বিভিন্ন পণ্য পরিবহন করতেন এ খালপথে। নিয়মিত জোয়ার–ভাটার প্রবাহ থাকলেও সময়ের ব্যবধানে দখল, ভরাট ও দূষণের কারণে খালটির স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
চাম্বল বাজার এলাকায় প্রধান সড়কের সেতুর উভয় পাশে খালের বিস্তীর্ণ অংশ দখল করে দোকানঘর ও পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাজারের ময়লা–আবর্জনা নিয়মিত খালে ফেলা হচ্ছে। এতে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে পানি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দ্রুত দখলমুক্তকরণ, ময়লা ফেলা বন্ধ এবং পুনঃখননের উদ্যোগ নেওয়া হলে শতবর্ষী সিমাই খাল তার হারানো প্রাণ ফিরে পাবে এবং জলাবদ্ধতার দুর্ভোগ থেকেও মুক্তি মিলবে হাজারো মানুষের।
মো. হেফাজ উদ্দিন
শিক্ষার্থী,
বাঁশখালী ডিগ্রি কলেজ











