বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়ায় অবস্থিত কালাপুকুর থেকে মাটি কেটে একই ওয়ার্ডের শতবর্ষী মংকি পাড়ার নাফিতা পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।
বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। জব্দকৃত স্কেভেটরটি বাঁশখালী পৌর নির্বাহী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে জলাশয় ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়। তিনি আরও বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।












