বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

​বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. খুরশিদ আলম (৪০) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ার ব্রিজ সংলগ্ন পেকুয়া–বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত মো. খুরশিদ আলম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার সাইদুল হকের বাড়ির মোক্তার আহমেদ ও আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল উত্তর গেট সংলগ্ন ১নং গলির করিম টাওয়ার এলাকার এরশাদের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল চাম্বলের ছড়ার ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

সকালে সন্দেহভাজন হিসেবে একটি ইয়ামাহা এফজেড ভার্সন–২ মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় খুরশিদ আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধটেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচবি লেখক ফোরামের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহফুজ-নাঈম