বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে প্রকাশ্যে ফসলি জমির উর্বর টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থলের পাশের একটি খালের পাড় থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের টাইম বাজারের পশ্চিম পাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা দ্রুত স্কেভেটর সরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে একটি খালের পাড়ে লুকিয়ে রাখা স্কেভেটরটি জব্দ করা হয়। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













