বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। গতকাল রোববার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৩টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী এস. আলম জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে আগ্রাবাদস্থ সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং জব্দ করা ট্রলিং জাল বিনষ্ট করা হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে ট্রলিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










