বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের চার সদস্যের বিদেশযাত্রার আবেদন নাকচ করে দিয়েছে আদালত। গতকাল সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। আহমদ আকবর সোবহান ছাড়াও বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তার স্ত্রী আফরোজা বেগম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং আরেক ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান। খবর বিডিনিউজের।

চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তাদের পক্ষে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার। শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা, বোরহান উদ্দিন ও খোরশেদ আলম।

এর বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম। শুনানিতে রুমি বলেন, আহমেদ আকবর ও আফরোজা বেগমের নামে মামলা রয়েছে। তারা জামিন না নিয়ে বিদেশ যেতে পারেন না। অপর তিনজন আদালতে হাজির না হয়ে এ অনুমতি পেতে পারেন না। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ ডলু খালের দানুর মা’র ঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধডিসি হিল থেকে বের হবে শান্তি শোভ যাত্রা