‘বন্যার্তদের পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়ান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গতিশীল, সমন্বিত ও কার্যকর করতে জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব ও ত্রাণ কমিটির আহ্বায়ক নাজিমুর রহমান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এমপি।
প্রধান অতিথি বলেন, বন্যার তাৎক্ষণিক সংকট অনেক এলাকায় কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো পুনর্বাসন কার্যক্রমে দ্রুত সম্পৃক্ত হওয়া। মহানগর বিএনপির প্রতিটি থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি একই সঙ্গে মানবিক এই উদ্যোগে অংশ নিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ, প্রয়োজন নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল এবং শিহাব উদ্দিন মুবিন। প্রেস বিজ্ঞপ্তি।












