জিপিএইচ ইস্পাত লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির। এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী, রেজিনা পারভীন, পরিচালক সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফিক সাদাফ এবং সায়হাম সাদিক পিয়াল, গ্রুপ সিইও মোঃ মোক্তার হোসেন তালুকদার, গ্রুপ সিএফও এইচএম আশরাফুজ্জামান, সিএফও মোঃ আতিকুর রহমান চৌধুরী, বিধিবদ্ধ নিরীক্ষক, কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় যোগ দেন। কোম্পানি সচিব মোঃ মোশাররফ হোসেন সভা সঞ্চালনা করেন।
সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য স্পনসর ও পরিচালক ব্যতীত শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবির বলেন, বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, নগরায়ণ, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের সঙ্গে মানসম্পন্ন ইস্পাত পণ্যের চাহিদা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৫–২০২৬ অর্থবছরে কোম্পানির সামগ্রিক কার্যক্রম বর্ণনা করে বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ ব্যয়, জ্বালানি ব্যয় বৃদ্ধি, চলতি মূলধন সংকট এবং প্রতিকূল ব্যাংকিং পরিস্থিতিতে নতুন মূলধন সংগ্রহের চাপসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সরকারি ও বেসরকারি অবকাঠামো এবং আবাসন প্রকল্পে বিনিয়োগ ও বাস্তবায়নের গতি কমে যাওয়ায় নির্মাণ কার্যক্রম সামগ্রিকভাবে মন্থর ও নিম্নমুখী রয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, জিপিএইচ ইস্পাতে যারা বিনিয়োগ করেছেন, তাঁদের বিনিয়োগ নিরাপদ রাখতে পরিচালনা পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ। এর জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট কারখানার উৎপাদন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিংকে আরও বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করছে। তিনি সকলের উপস্থিতি এবং সমর্থনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












