চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা প্রদান করা হবে। বন্যায় কেউ বসত ঘর হারিয়েছে, কেউ জমির ফসল, আবার কেউ মৎস্য খামারের মাছ। কারো কারো খামারের হাজার হাজার মুরগিও মারা গেছে। এছাড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে এলাকার রাস্তা–ঘাট। ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। সরকারি সহায়তা থেকে ক্ষতিগ্রস্ত কেউ বঞ্চিত হবে না। ভেঙ্গে যাওয়া রাস্ত–ঘাট ও কালভার্ট–ব্রিজ দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করা হবে। তিনি গত বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার আমিলাইষের খোদারহাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিলাইষ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, ডা. নুরুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান।












