বন্ধুরা ফিরলেও ফেরেনি মিসকাত

বান্দরবানে ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বান্দরবানের পর্যটনকেন্দ্র শৈলপ্রপাত ঝরনায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে ঝরনার পাশের আরেকটি ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী মিসকাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী একসঙ্গে শৈলপ্রপাত ঝরনায় বেড়াতে যায়। পরে তারা শৈলপ্রপাতের পাশের আরেকটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ওপরে উঠে এলেও মিসকাতের খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামাল হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী একসঙ্গে বেড়াতে গিয়েছিল। পাঁচজন নিরাপদে ফিরে এলেও একজন নিখোঁজ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থী মিসকাতকে খুঁজে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের নোটিশে আইনজীবী জানলেন তিনি ১৪০ কোটি টাকার খেলাপি ঋণের গ্রহীতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে বাড়তি স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ তিন মাস বাড়ল