সরকারের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদরাসা এডুকেশন স্কিমের আওতায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামে অনুষ্ঠিত প্রতিষ্ঠান প্রধানদের ২৫তম ব্যাচের ১৪ দিনব্যাপী ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সে গতকাল প্রশিক্ষণোত্তর মূল্যায়নে অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভি প্রথম স্থান অর্জন করেছেন। কলেজের প্রিন্সিপাল প্রফেসর দিলরুবা আক্তার চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা, সনদপত্র ও বিশেষ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা/থানার ৩০ জন সুপার ও অধ্যক্ষ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। তিনি আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসা–এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) বন্দর চট্টগ্রাম এ ১৯৯৬ সন থেকে প্রভাষক পদে, দীর্ঘদিন আগে অধ্যক্ষ পদে যোগদান করে অদ্যাবধি দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১০ সনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন (বিএমটিটিআই) পরিচালিত শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ সরকার কর্তৃক থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অধ্যক্ষদের বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিনি আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য, ২০১৩ থেকে কদম মোবারক শাহি জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি।












