কমনওয়েলথ গেমসের পুরুষদের ৫৫ কেজি ব্যান্টামওয়েট বিভাগের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্সার রাকিব। রোববার পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোকে হারিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সাঁতারেও বাংলাদেশের দুই প্রতিযোগী নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। নারীদের ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া আক্তার ১ মিনিট ৭.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেন। ৭১ জন প্রতিযোগীর মধ্যে তিনি ৬১তম অবস্থান অর্জন করেন। পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার রাজবংশী সময় নেন ৩০.৯০ সেকেন্ড। তার আগের সেরা টাইমিং ছিল ২৯.৯২ সেকেন্ড। নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করা সুকুমার সব মিলিয়ে ৫৮ জন প্রতিযোগীর মধ্যে ৪৪তম হন।










