ফুটবল খেলতে গিয়ে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার স্কুল মাঠে ফুটবল খেলার সময় মাথায় ব্যথা পায় মো. জোবায়েদ হোসেন রোহান। গতকাল ভোরে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, খেলতে গিয়ে মাথা ঘুরে সে পড়ে যায়। এরপর হালিশহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আগ্রাবাদ মা–শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
স্কুল শিক্ষক মোহাম্মদ নুর জানান, পরীক্ষার আগে গত বুধবার শেষ ক্লাস ছিল। ছেলেরা মাঠে খেলছিল। তার সহপাঠীরা জানায়, বলে হেড করতে গিয়ে রোহান মাথায় আঘাত পেয়ে বসে যায়। তবে আমরা সিসি ক্যামেরায় ওরকম কিছু দেখিনি। খেলার সময় মাথা ঘুরে সে পড়ে যায়। চিকিৎসকেরা মাথায় রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তার আর বার্ষিক পরীক্ষা দেয়া হলো না।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত রোহানেরা এক ভাই এক বোন। তারা হালিশহর ফুল চৌধুরীপাড়া এলাকায় মাদানি মসজিদের পাশে থাকত। বাড়ি ভোলা জেলায়। বাবা সিএনজিচালিত টেঙিচালক। মরদেহ গতকাল ভোলা নিয়ে যাওয়া হয়েছে।










