চট্টগ্রাম নগরীর ৩৩নং ফিরিঙ্গী বাজার জে এম সেন স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১ম বারের মতো ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকার সকল স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মেধাবৃত্তি আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার জে এম সেন স্কুল এন্ড কলেজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রামেহন সেন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপন।
জে এম সেন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মানস কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান ও ইঞ্জিনিয়ার আবুল হাসেম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাত্রামেহন সেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, সহকারী অধ্যাপক রাহনুমা নুর, এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা দেব, সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াছিন, সিনিয়র শিক্ষক অজিত কুমার ধর প্রমুখ। সভাপতির বক্তব্যে সাদেকুর রহমান রিপন বলেন, আজকের যে শিশুরা বৃত্তির পুরস্কার গ্রহণ করছে, তারাই আগামীকালকের ভবিষ্যতের বাংলাদেশ তৈরি করবে। কিন্তু আমি মনে করি, যারা পুরস্কার পেয়েছ তারা যেমন প্রশংসার দাবিদার, ঠিক তেমনি যারা পাওনি, তারাও পিছিয়ে নেই। মেধা বৃত্তি পরীক্ষা শুধুই একটি প্রতিযোগিতা নয়, এটি তোমাদের মেধা বিকাশ ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ। এ বৃত্তি পরীক্ষায় ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের প্রায় সকল এবং আশপাশের ওয়ার্ডের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের ৫ম শ্রেণির ৩৩০ জন শিক্ষার্থী অংশ নেন। ২০টি স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











