অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলে ফেরার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন শরিফুল ইসলাম। গতকাল সোমবার ফিটনেস পরীক্ষা দিয়ে তাতে সফল হয়েছেন বাঁহাতি এই পেসার। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করতে আর কোনো বাধা থাকল না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘শরিফুল ফিটনেস টেস্টে পাস করেছে। বিষয়টি আমরা ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় টেস্টের জন্য সে অ্যাভেইলেবল।’ সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে গ্রেড–১ চোট পেয়েছিলেন শরিফুল। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি তার। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং শুরু করেন ২৫ বছর বয়সী এই পেসার। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে বাড়ানো হয় তার বোলিং ওয়ার্কলোড। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফিটনেস পরীক্ষা দেওয়ার সুযোগ পান শরিফুল। আজকের পরীক্ষায় পাস করে দ্বিতীয় টেস্টের দরজা খুলে ফেলেছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, খুব দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে পারেন শরিফুল। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচের স্কোয়াডে শরিফুলকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন বেশ জোরালো।











