ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল ও অ্যাডহক কমিটি গঠনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেছে হাই কোর্ট। একইসঙ্গে ঢালাওভাবে কমিটি বাতিলের ওই অফিস আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছে আদালত। গতকাল সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ভোলার চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার সভাপতির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট মামলার পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। খবর বিডিনিউজের।











