চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। গতকাল ২৪ জুলাই শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আলোর ঠিকানা টাইব্রেকারে ৪–৩ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ে এই খেলা গোলশূন্য ড্র ছিল। প্রথম সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন আলোর ঠিকানার গোলরক্ষক মো. তামিম নেওয়াজ। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও সিজেকেএস কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল।
একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এতে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী টাইব্রেকারে ১০–৯ গোলে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে। খেলাটি নির্ধারিত সময়ে ০–০ গোলে ড্র ছিল। তবে খেলার উল্লেখযোগ্য দিক ছিল দুই দলের রেকর্ডসংখ্যক ২৪টি পেনাল্টি শটের থ্রিলার। উভয় দলের ২৪ শটের টাইব্রেকার শেষ পর্যন্ত ১২তম শটে গিয়ে শেষ হয় এবং এতেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ১০–৯ গোলের ব্যবধানে জিতে টুর্নামেন্টের ফাইনালে চলে যায়। অপরদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় কল্লোল সংঘ গ্রীনকে। এর আগে টুর্নামেন্টের সব ম্যাচে টাইব্রেকারে জয়লাভ করেছিল গোসাইলডাঙ্গা। সেমিফাইনালের টাইব্রেকারেও তাদের ভাগ্য সুপ্রসন্ন হলো। খেলার নির্ধারিত সময়ে অবশ্য অনেক সুযোগ নষ্ট করে গোল করতে ব্যর্থ হয়েছিল কল্লোল সংঘ গ্রীন। কিন্তু টাইব্রেকারে তারাই প্রথম এগিয়েছিল। প্রথম দুই শটে গোল করে কল্লোল গ্রীন। কিন্তু গোসাইলডাঙ্গা প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হয়। তবে তৃতীয় এবং চতুর্থ শট ঠেকিয়ে দিয়ে গোসাইলডাঙ্গাকে ম্যাচে ফেরান দলটির গোলরক্ষক ইকবাল হোসেন। প্রথম পাঁচ শটে দু’দলের খেলা ৩–৩ সমতায় শেষ হয়। এরপর শুরু হয় সাডেন ডেথ পর্ব। এগার শটেও দুই দল সমানে সমানে শেষ করে। ব্যবধান তাদের ৯–৯। ১২তম শটে গোসাইলডাঙ্গা গোল করলেও কল্লোল গ্রীনের শট ঠেকিয়ে দেন গোসাইলডাঙ্গার গোলরক্ষক। আর তাতেই ১০–৯ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। দলের গোলরক্ষক ইকবাল হোসেন তিনটি শট ঠেকিয়ে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ গোসাইলডাঙ্গার গোলরক্ষক ইকবাল হোসেনের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাং শাহাজাহান ও এম এম মুসা বাবলু। এদিকে টুর্নামেন্টের ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি। ম্যাচের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকবৃন্দ।
উল্লেখ্য সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।












