বিশ্বকাপ ফাইনালের আগে শেষ সময়েও কিছু টিকেট পাওয়া গেছে। সেজন্য অবশ্য চড়া মূল্য গুনতে হয়েছে। তবে এমন ম্যাচ দেখার সুযোগ পেতে দেদার টাকা ঢালতে প্রস্তুত লোকের সংখ্যাও তো কম নেই। শেষ মুহূর্তে টিকেট পেয়েও বরং নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন অনেকে। ফিফার অফিসিয়াল টিকিট পুনঃবিক্রয় সাইটে শনিবার সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৪১১.২৫ ডলার তালিকাভুক্ত করা হয়েছিল। দুপুরের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়। পরে যেসব টিকেট ছিল, সেগুলোর সর্বনিম্ন মূল্য ছিল ১০ হাজার ডলার, সর্বোচ্চ ৬০ হাজার। আপার ডেকের কোণার দিকের টিকিটগুলোর দাম প্রায় ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল। খেলা আরও কাছ থেকে দেখার জন্য খরচ করতে হয়েছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি সিটের লেগেছে ৬০ হাজার ডলার পর্যন্ত। সিটগিক এবং স্টাবহাবের মতো অন্যান্য প্ল্যাটফর্মেও আপার ডেকের টিকিট প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু করে তালিকাভুক্ত করা হয়েছিল এবং লোয়ার বোলের কিছু আসনের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি ছিল। বিশ্বকাপে লিওনেল মেসির সম্ভাব্য শেষ আঁচড় দেখতে কিংবা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনালে ছাপ রাখা দেখতে, এতটুকু খরচ হাসিমুখে করার লোকের সংখ্যা কম নেই।












