চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের নোঙর সাহিত্য আড্ডায় লেখক, কবি ও সাহিত্যিকগণ বলেন, কবি ফররুখ আহমদের কাব্য ও সাহিত্যচর্চায় ভিন্নতা ও মানবিক বোধের লালন তাঁকে হাজার বছর বাঁচিয়ে রাখবে। তাঁর রোমান্টিক বোধ, স্রোতের বিপরীতে অবগাহন এবং মানবিক সাম্যের জয়গান বাংলা সাহিত্য তথা বিশ্বসাহিত্যে তাঁর অবস্থানকে পোক্ত করেছে।
গত ৩০ অক্টোবর পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত নোঙর সাহিত্য আড্ডা প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে এবং নোঙর সম্পাদক আবু সাঈদ হাননানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আড্ডায় চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘ফররুখ আহমদের কাব্যভাবনায় সমাজ ও রাজনীতির কদর্য রূপ’ (কবি হোসেন শহীদ), ‘জীবন সায়াহ্নে কবি ফররুখ আহমদ’ (মুহাম্মদ জাফর উল্লাহ), ‘মহাকাব্যের মহান কবি’ (কবি মাঈন উদ্দিন জাহেদ), ‘কাব্যসমুদ্রে ফররুখ’ (কাজী সাইফুল হক)। পঠিত প্রবন্ধগুলোর সম্পূরক আলোচনা করেন নোঙর প্রকাশক ও প্রাবন্ধিক আমীরুল ইসলাম, কবি খোরশেদ মুকুল এবং গল্পকার আরমানউজ্জামান।
আলোচকরা বলেন, ফররুখ সাহিত্যের বহু অনালোকিত ও অপ্রকাশিত বিষয়–আশয় এখনো পাঠকের সকাশে আসেনি। নোঙর ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রকে এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে পাঠকের কল্যাণে ফররুখ সাহিত্যকে জনপ্রিয় করতে হবে। আমীরুল ইসলাম ফররুখচর্চায় চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সুদীর্ঘ ইতিহাস ও ফররুখ স্মৃতি পুরস্কারের উল্লেখ করেন। কবি খোরশেদ মুকুল ফররুখ আহমদের গদ্য ও গল্পের কলাকৌশলের একক চমৎকারিত্বের ওপর দৃষ্টিপাত করেন।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী বলেন, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র এই আয়োজন করে মোটেই তৃপ্ত নয়, কারণ কবি ফররুখ আহমদের সম্মান আরও বেশি কিছু দাবি করে।
সাহিত্য আড্ডার নিয়মিত লেখা পাঠ ও মুক্তালোচনায় অংশ নেন কবি কপিল উদ্দিন দুলাল, চিন্তক ইস্কান্দার নূরী, জাকারিয়া হাবিব, কবি ও চিত্রী মোহাম্মদ তোয়াহা, কবি ও চিত্রকর মাসউদ আব্দুল্লাহ, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের মহাসচিব সাইফুল্লাহ সায়েম, চিন্তক এস এম আহসান হাবীব, প্রিন্সিপাল আরিফুল ইসলাম, ডা. ইব্রাহিম শাহাদাত, আ ন ম নাসির উদ্দীন, আবু তৈয়ব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











