ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই দিনে পৃথক স্থান থেকে এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার এবং বিকেলে বিবিরহাট বাজারের একটি বহুতল ভবন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার দিন সকাল সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ারের (৭৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত ফজল করিম ও মৃত রিয়াজু খাতুনের সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় পরিবারের সবার অগোচরে তিনি বিল্ডিংয়ের সিঁড়ি রুমের রেলিংয়ের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে নিথর দেহ ঝুলতে দেখে পরিবার পুলিশে খবর দেয়।

নিহতের ছেলে খালেদ জানান, তার পিতা সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা জমি সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, পারিবারিক সূত্রে আমরা জেনেছি তিনি জায়গা জমি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্ষীয়ান এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একই দিন বিকেলে উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন এলাকার একটি পাঁচতলা ভবন থেকে ফারুক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি বিবিরহাটে সেলসম্যান এর চাকরি করতেন।

স্থানীয় ব্যবসায়ীরা ভবনে যুবকের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, বিকেলের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধপানিতে উপুড় হয়ে পড়ে ছিল শিশুটি
পরবর্তী নিবন্ধফুটবল খেলার মাঠে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাত, স্কুলছাত্র আহত