ফুটবল খেলার মাঠে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাত, স্কুলছাত্র আহত

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ফুটবল খেলার মাঠে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুখছড়িকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোর শোয়াইব স্থানীয় দক্ষিণ লোহাগাড়া হাজির পাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র। অভিযুক্ত কিশোর মো. মহসিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়ার প্রবাসী মহিউদ্দিনের পুত্র। তারা দু’জনই লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। আহত কিশোর শোয়াইবের দাবি, কয়েকদিন আগে একটি মেয়েকে কেন্দ্র করে স্কুলে মহসিনের সঙ্গে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন তারা সুখছড়িকুল ফুটবল মাঠে খেলতে গেলে মহসিন দৌঁড়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আত্মরক্ষার চেষ্টা করলে মুখে মারাত্মক জখম হয়।

অপরদিকে অভিযুক্ত কিশোর মহসিনের ভাষ্য, স্কুলে কয়েকজন সহপাঠী তাকে হুমকি দিয়েছিল। এ কারণে খেলার মাঠে পূর্বপরিকল্পিতভাবে একটি এন্টি কাটার (ধারালো অস্ত্র) সঙ্গে নিয়ে যায়। এক পর্যায়ে একজনকে লক্ষ্য করে আঘাত করতে গেলে তা অন্য আরেকজনের মুখে লাগে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিমলি দে বলেন, দুপুরে মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। তার মুখে প্রায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উভয় পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করেছে বলে শুনেছি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধদুই সপ্তাহেই শেষ গ্যাস, সিলিন্ডারে মিলল পানি