ফটিকছড়িতে বর্গাচাষির স্তূপ করে রাখা ধানে আগুন

দেড়কানি জমির ধান পুড়ে ছাই, ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে রাস্তার পাশে স্তূপ করে রাখা এক বর্গাচাষির ধানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দেড়কানি জমির পাকা ধান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারমাশিয়া গ্রামের চৌমুহনী বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। কে বা কারা ধানে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীরের ছেলে সেজুয়াল করিম জানান, জমির মালিককে খাজনা দিয়ে তার বাবা প্রায় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে পাঁচকানি জমিতে ধান চাষ করেছিলেন। বৃষ্টির কারণে জমি থেকে ধান কেটে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছিল। সকালে স্থানীয় কয়েকজন তাদের খবর দেন, ধানের স্তূপে আগুন দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা পুড়ে যাওয়া ধান দেখতে পান।

জাহাঙ্গীর বলেন, আমি এখন অসহায় হয়ে গেছি। এতগুলো ঋণ কীভাবে শোধ করব, আল্লাহই জানেন। সেজুয়াল করিম বলেন, আমরা এখন একেবারেই অসহায়। ঋণ করে চাষ করেছি। ফসল ঘরে তোলার আগেই সব পুড়ে শেষ হয়ে গেল। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, তা বুঝতে পারছি না।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাচ্ছি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পাশাপাশি মামলা দায়েরের সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগোলদিঘি খালের পানিপ্রবাহ ফেরাতে রিং বাঁধ অপসারণ
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না