প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী। ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন সংগীতশিল্পী, ইউটিএস কলেজ বাংলাদেশের কান্ট্রি হেড অ্যান্ড অ্যাম্বাসেডর নকিব খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রথম সেমিস্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনারা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবার ও বিভিন্ন ঐতিহ্য থেকে একটা ছাতার নিচে অর্থাৎ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছেন। আপনারা একদম নতুন।
নতুনদের নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকে না। সেজন্য সময়ের সাথে খুবই সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করছি, ভালোভাবে পড়াশুনা করার পরামর্শ দিচ্ছি। ট্রেজারার বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামে কিছু ব্যতিক্রমী সুযোগ–সুবিধা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই প্রোগ্রামের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ।
ওরিয়েন্টেশন স্পিকার নকিব খান কীভাবে তাঁর সংগীতজীবন ও কর্পোরেট জগতে তাঁর পেশাগত জীবনে সাফল্য অর্জন করেছেন, সেই অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি বলেন, পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য তিনটি বিষয় দরকার : কাজের প্রতি গভীর আগ্রহ ও আবেগ, নিয়মানুবর্তিতা এবং টাইম ম্যানেজমেন্ট। প্রফেসর এম মঈনুল হক বলেন, ভালোভাবে পড়াশোনা ও বিভিন্ন স্কিল অর্জন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের সহযোগী অধ্যাপক জুলিয়া পারভিন, সহকারী অধ্যাপক তাসনিয়া তাহলিল, পপি পোদ্দার, রিফাত হাবিবা, অনিন্দিতা চক্রবর্তী, নুসরাত জাহান, প্রভাষক ফাহমিদা সাইমা ও আদনিন রিফাত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রিমিয়ার ইউনিভার্সিটির পটভূমি, ইতিহাস, নিয়ম–কানুন, মিশন–ভিশন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাকার্যক্রম, ইথিক্যাল ইস্যু ও রুলস এন্ড রেগুলেশন প্রভৃতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।
প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন ও এইচআরএম ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রহিমা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।













