ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, প্রন্তিক কৃষকদের উন্নয়ন করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকেরা দেশের চালিকা শক্তি। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাগব করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। আমার নির্বাচনী এলাকার জনগণ বৃহত্তর চট্টগ্রামের ২০টি সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক ভোটে আমাকে নির্বাচিত করেছেন। তাই আমি এমপি নয় আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। আমাকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরে খরিফ–১, আউশ মৌসুমে কৃষি প্রণোদনা কৃষক/কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে ১২ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দিয়েছে। যাতে তারা নতুনভাবে কৃষি ঋণ নিয়ে কৃষি কাজ করতে পারে।
উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক প্রতিনিধির বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ ও জেলা কৃষক দলের নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। হাটহাজারীতে এই মৌসুমে ৮০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষি কমিটিতে কৃষকেরাই থাকবে বলে উল্লেখ করে বলেন, কৃষির সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় এমন লোক দ্বারা কমিটি করা হলে কৃষকদের প্রকৃত সমস্যা তুলে ধরতে পারবে না। আমাদের সংসদীয় আসনে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, অন্য কোনো সংসদীয় আসনে এমন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না।














