প্রবাস ফেরত দুই ভাইকে দেখতে বাপের বাড়ি যাচ্ছিলেন, সড়কে মৃত্যু

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় নিহত গৃহবধূ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার এলাকায় চাঁদের গাড়ির ধাক্কায় পারভীন আক্তার (৪৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নানুপুর বাজারের উত্তর পাশে সুলতানিয়া অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত পারভীন আক্তার উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারের পূর্ব পাশে বিসমিল্লাহ জামে মসজিদসংলগ্ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রবাসফেরত দুই ভাইকে দেখতে বাপের বাড়ি ‘চাড়া লিয়া হাটে’ যাওয়ার উদ্দেশে সিএনজি টেঙিযোগে রওনা হন পারভীন আক্তার। পথে নানুপুর বাজারের উত্তর পাশে সুলতানিয়া অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী চাঁদের গাড়ি সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি টেক্সিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সুলতানিয়া অটো রাইস মিলের নিজস্ব যানবাহন প্রায়ই প্রধান সড়ক ও রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এতে সরু সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের দাবি, রাস্তা দখল করে গাড়ি পার্কিং করার কারণেই টেক্সিটি চাঁদের গাড়ির সামনে পড়ে যায় এবং এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক চাঁদের গাড়িটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামী আব্দুস সালাম কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একনলা বন্দুক, ওয়ান শুটার গান উদ্ধার
পরবর্তী নিবন্ধট্রাম্প বলেছেন ইরান চুক্তি হবে আজ, দ্বিমত তেহরানের