প্রত্যয়ের সাংস্কৃতিক সন্ধ্যা

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো অন্তর মম বিকশিত করো শিরোনামে প্রত্যয়ের নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত বিভাগের ৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে। গতকাল শুক্রবার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে ১২তম পর্বে ৮ জন্য শিক্ষার্থী তাদের একক পরিবেশনার মাধ্যমে আগত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন। প্রত্যয়ের সদস্য পারমিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর এরশাদুর রহমান, প্রশিক্ষক বিশ্বজিৎ সিংহ, পটিয়া আইন কলেজের পরিচালক সাইফুল ইসলাম সোহেল, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে। বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। মীর এরশাদুর রহমান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চার কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। এই ক্ষেত্রে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়াতে সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশনও সব সময় প্রত্যয়ের পাশে থেকে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান