নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল প্রকাশের পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ ৫২ শতাংশ মানুষ যারা ভোট দিয়েছে, তারা এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই প্রিয় নেতৃবৃন্দ আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য।
গতকাল শনিবার সকালে বিএনপি ও তিনটি সহযোগী সংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে আমরা মানুষকে বলেছিলাম যে, আমরা সুশাসন দিব, মানুষকে আমরা বলেছিলাম যে, আমরা একটি দেশ তৈরি করতে চাই যে দেশে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে; আমরা মানুষকে বলেছিলাম– আমরা একটি দেশ তৈরি করতে চাই, যেখানে নারী–পুরুষ–শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে নিয়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তখন আমরা বলেছিলাম য্তেআমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হয়েছে, যেরকম গুম খুনের শিকার হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারেক রহমান বলেন, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক, যেখানে আমরা ডিবেট করব, কথা বলব। কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না এরকম অনেকগুলো কথা আমরা করেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কী সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছিলাম, সে কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা।













