তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আঙ্কারার বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওই সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশ ও তুরস্কের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। খবর বিডিনিউজের।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তুরস্ক থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ টেনে সামরিক খাতে বিনিয়োগ নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনার বিষয়ে জানতে চান এক সাংবাদিক। উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এখানে ডিফেন্স কোঅপারেশন নিয়ে আলাপ–আলোচনা হয়েছে, ইন টার্মস অফ ডিফেন্স বিনিয়োগ, ইন টার্মস অফ আমরা যদি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে পসিবল ইনভেস্টমেন্ট, তারপরে আবার ইন টার্মস অফ আদার এরিয়াস অব ডিফেন্স প্রোডাকশনে, আমাদের ওদিক থেকে একটা ইনভেস্টমেন্ট পার্টনারশিপে আসার ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, জলবায়ু সম্মেলনের মতো বহুপক্ষীয় ফোরামের ফাঁকে হাতে গোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এরদোয়ান। বিষয়টিকে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব পাওয়ার ইঙ্গিত হিসাবে বর্ণনা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। এই সম্পর্ক আরও মজবুত নতুন উচ্চতার সমন্বিত অংশীদারত্বের দিকে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, আগেও বলেছিলেন যে, ‘আপনি আমার মূল্যবান ভাই। শুধু বাংলাদেশের ১৮০ মিলিয়নের মানুষের তো নেতা আপনিই, কিন্তু এর বাইরেও ইউ আর মাই ভ্যালুড ব্রাদার অ্যান্ড লিডার দ্যাট আই উইল বি ওয়ার্কিং ক্লোজলি উইথ। তো আমার ক্যাপাসিটিতে এবং তুরস্কের ক্যাপাসিটিতে যা আছে, বাংলাদেশের জন্য আমি করব।’
রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার বিষয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে রায়ের পরে বাংলাদেশ–তুরস্ক যাতে জোরদারভাবে কাজ করতে পারে এবং রোহিঙ্গা সংকটে অর্থায়ন নিয়ে যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ জোরালো করা যায়, সে বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পা তুলে বসা নিয়ে আলোচনা–সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। উত্তরে হুমায়ুন কবির বলেন, বসার ক্ষেত্রে হয়তো অস্বস্তিকর অবস্থায় ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে এর মধ্যে বেয়াদবির ইঙ্গিত তিনি দেখেননি।












