সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া আইসিসির প্রতিনিধি দল যথাসময়ে তাদের পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জানাবে। এর আগে এসব নিয়ে গণমাধ্যমে তারা কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এটি জানিয়েছে আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামে উল্লেখ করা হয়, ‘শাসন ও নির্বাচনী বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর।’ প্রতিনিধি দলের সফরের বিষয়বস্তু ছোট করে তুলে ধরা হয় সেই সংবাদ বিজ্ঞপ্তিতে। ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে রয়েছেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ. এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং জনাব তাভেঙ্গুয়া মুকুলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) সমপ্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্পর্কিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও ঘটনাবলি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করেছে।’ ‘আইসিসি স্পষ্ট করে জানাতে চায় যে, প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। সুতরাং, এই সফর সম্পর্কিত যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’ মুসাজি ও মুকুলানি সমপ্রতি বাংলাদেশ সফর করে গেছেন। আইসিসি তখন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, বিসিবি নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতেই প্রতিনিধি ধরের এই সফর। বাংলাদেশ সফরে এই প্রতিনিধি দল কথা বলেছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ও কমিটির অন্যান্য সদস্য, আগের বোর্ডের চার পরিচালক, সামনের বিসিবি নির্বাচনের কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে। বিসিবি নির্বাচন আগামী রোববার অনুষ্ঠানের কথা রয়েছে।











