প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করা হবে

কলেজিয়েট স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কম্পিউটার প্রযুক্তি, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক কম্পিউটার ল্যাব ও প্রয়োজনীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি। গতকাল শুক্রবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ।

মন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার পদ্ধতিও বদলে গেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের নামকরা গ্রন্থাগারসহ বিভিন্ন জ্ঞানভান্ডারে প্রবেশের সুযোগ রয়েছে। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় কম্পিউটার ল্যাবের অভাব রয়েছে। শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ ঘাটতি কাটিয়ে উঠতে হবে। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, উদ্ভাবন কেবল বিজ্ঞান বা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থনীতিসহ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রেও নতুন ধারণা ও চিন্তার বিকাশ প্রয়োজন। নতুন প্রজন্মের চাহিদা, প্রত্যাশা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীও নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের প্রয়োজনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলায়ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েরাও ভালো করছে। তাই বিদ্যালয় পর্যায় থেকেই ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার উপযুক্ত সুযোগ করে দেওয়া প্রয়োজন। উল্লেখ্য, আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।

কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমশক নিধন, বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি উদ্বোধন
পরবর্তী নিবন্ধবটতলী এস, এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে কুংফু ও উশু প্রশিক্ষণ শুরু