প্রতিটি বাসস্ট্যান্ডে ডিজিটাল রুট ম্যাপ ও ভাড়ার তালিকা স্থাপন করা হোক

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

গণপরিবহন নগর জীবনের অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য বাস ও অন্যান্য গণপরিবহনের ওপর নির্ভর করেন। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ বাসস্ট্যান্ডে এখনো রুটসংক্রান্ত তথ্য ও সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন অসংখ্য যাত্রী, বিশেষ করে নতুন বা বাইরের এলাকার মানুষ, নানা ধরনের বিভ্রান্তি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

কোন বাস কোন রুটে চলাচল করে, কোথায় কোথায় থামে, গন্তব্যে পৌঁছাতে কত ভাড়া লাগবে, এসব তথ্য না জানার কারণে অনেক যাত্রী ভুল বাসে উঠে পড়েন বা প্রয়োজনের তুলনায় বেশি ভাড়া পরিশোধ করতে বাধ্য হন। অনেক সময় কিছু অসাধু পরিবহনকর্মী এই সুযোগে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করেন। যাত্রীরা প্রকৃত ভাড়া সম্পর্কে নিশ্চিত না থাকায় প্রতিবাদ করতেও দ্বিধায় পড়েন।

এমতাবস্থায় সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, চট্টগ্রামসহ দেশের সব গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে ডিজিটাল রুট ম্যাপ ও সরকার নির্ধারিত ভাড়ার তালিকা স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

সৈয়দ শাহজাহান সিরাজ

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহেরমান হেস: কবি ও চিত্রকর
পরবর্তী নিবন্ধআমি ফুটবল বলছি