শ্রমিকদের ন্যূনতম মানবিক জীবনযাপনের উপযোগী মজুরি বা ‘লিভিং ওয়েজ’ হিসেবে ২৪ হাজার ২০৪ টাকা এবং দারিদ্র্যসীমা বিবেচনায় জীবন নির্বাহের ব্যয়ের ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ টাকা নির্ধারণের হিসাব তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আর সার্বিক বাস্তবতা বিবেচনায় এ দুই অঙ্কের মাঝামাঝি ন্যূনতম মজুরি হওয়া উচিত বলে মনে করছে সংস্থাটি।
গতকাল বুধবার সিপিডির ধানমন্ডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক নাজনিন আহমেদ এ বক্তব্য তুলে ধরেন। মজুরি নির্ধারণ ও শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিপিডির পক্ষ থেকে এ সুপারিশ তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।
অনুষ্ঠানে সিপিডির নাজনিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা মজুরি দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। দারিদ্র্যসীমা বিবেচনায় নিলে তা হয় ১৮ হাজার ৫৭৮ টাকা এবং পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের (লিভিং ওয়েজ) জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডির মূল বক্তব্য হলো, মালিক ও শ্রমিক–দুই পক্ষের পর্যালোচনায় মজুরি নির্ধারণের আলোচনাটি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে হওয়া উচিত এবং সময়ের সঙ্গে সঙ্গে শ্রমিকদের ‘লিভিং ওয়েজ’–এর দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখতে হবে।
মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সিপিডির পক্ষ থেকে বলা হয়, কেবল একটি মজুরি বোর্ড গঠন করে দুই পক্ষকে বসিয়ে মাঝামাঝি একটি অঙ্ক ঘোষণা করে দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। ঘোষিত মজুরি বাস্তবে দেওয়া হচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।












