চট্টগ্রামে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু; পাবেন যারা, যা যা লাগবে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ২:৪৯ অপরাহ্ণ

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টস সংলগ্ন মোড়ে এ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি বলেন, সরকার নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাপ সামাল দিতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

চাল কিনতে হলে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়া হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাক শ্রমিকদের কাছে এ কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে।

চট্টগ্রামে নির্ধারিত ১০টি কেন্দ্রে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি হচ্ছে। কেন্দ্রগুলো হলো-বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে (লয়েল টেক্স লিমিটেড), অক্সিজেন রেলগেটের পাশে (কেডিএস ফ্যাশন লিমিটেড), দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে (প্রিয়ম গার্মেন্টস লিমিটেড), কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে (আজিম গ্রুপ, ওভেন ডিভিশন), বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশে (বেইজ টেক্স লিমিটেড, ফোর এইচ গ্রুপ), বায়েজিদ রুবি গেটের সামনে (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড), বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে (দি নীড অ্যাপারেলস লিমিটেড), উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে (কাট্টলী টেক্সটাইল লিমিটেড), সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে (বিডি অ্যাপারেলস লিমিটেড) এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে (কেনপার্ক)।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি।

পূর্ববর্তী নিবন্ধকেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ