অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ওজনে কম দেওয়া, পরিমাপযন্ত্রে ত্রুটি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পেকুয়ায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার, মৎস্য মার্কেট ও পেকুয়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই, কক্সবাজারের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।
জানা যায়, অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির পরিবেশ, পণ্যের ওজন ও পরিমাপ, পরিমাপযন্ত্রের সঠিকতা এবং পণ্যের মেয়াদ যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ছয়টি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, পণ্যের মান নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় কক্সবাজার বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) নাঈর আউসাফ রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এম. রুহুল ইসলামসহ স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









