পেকুয়ায় নিখোঁজ স্কুলছাত্র ৩ দিন পর উদ্ধার

চাওয়া হয়েছিল মুক্তিপণ

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাঈদ হোসাইন মারুফকে (১১) তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাতামুহুরী উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ইলিশিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জুন সকালে পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকার খালার বাড়ি থেকে বের হওয়ার পর মারুফ নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি পরিবার পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এর মধ্যে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারে অভিযানে নামে।

মারুফের নিকটাত্মীয় আদিল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মারুফের অবস্থান জানানো হয়। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। মারুফ শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আতঙ্কগ্রস্ত ছিল।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান হাসপাতালে গিয়ে মারুফের খোঁজখবর নেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং মুক্তিপণ দাবির সঙ্গে কোনো অপহরণ চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক লাইভে বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধমহামায়া লেকের টোপাপানা পরিষ্কার, ফিরেছে স্বস্তি