পুতিনকে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির, ক্রেমলিনের বার্তা মস্কো আসুন

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

যুদ্ধ থামানোর নতুন এক প্রচেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনকে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের নেতা বলেছেন, ইউরোপের এই যুদ্ধ কখন আবার যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ফিরবে, সেজন্য অপেক্ষা করে থাকা ‘ভুল হবে’। তিনি বলেন, কেবল ইউক্রেন ও রাশিয়ার ‘সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই’ শান্তি আসতে পারে। বিবিসি লিখেছে, চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনার পুরো সময় জুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে এর আগে বৃহস্পতিবারই এ ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন পুতিন। খবর বিডিনিউজের।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, দুই নেতা বৈঠকে বসলে তা ‘খুবই ভালো হবে’ বলে তিনি মনে করেন।

ক্রেমলিন জানিয়েছে, তারা চিঠিটি পেয়েছে এবং এ বিষয়ে পুতিনকে বিস্তারিত জানানো হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ,৮০০ শব্দের ওই চিঠিটির সুর ছিল বেশ চ্যালেঞ্জিং, এমনকি কিছুটা উপহাসমূলক। বিশেষ করে রাশিয়ার ভেতরে ইউক্রেনের সামপ্রতিক হামলাগুলোর দিকে পুতিনের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলেনস্কি।

চিঠিতে তিনি বলেন, দীর্ঘ ২৬ বছর ক্ষমতায় থাকার পর, বয়স এখন পুতিনের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। তবে একই সঙ্গে চিঠিতে একটি আমন্ত্রণও জানানো হয়েছে। জেলেনস্কি লিখেছেন, ইউক্রেন আমাদের এবং আপনার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিচ্ছে, আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।

ইউক্রেনীয় নেতার পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব অবশ্য এবারই প্রথম নয়। ক্রেমলিন এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় বরাবরের মতই বলেছে, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

তবে এই চিঠির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল, যুক্তরাষ্ট্র যে এখন পুরোপুরি ইরান সংকট নিয়ে ব্যস্ত, তা কিইভের পক্ষ থেকে প্রকাশ্যে স্বীকার করে নেওয়া হয়েছে। সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত হলেও ইউক্রেনকে কিছু আপস করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআল-আকসার তত্ত্বাবধানে জর্ডানের ভূমিকা সম্মান করতে হবে : যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধঅনাহারের ঝুঁকিতে কোটি মানুষ