পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়ি ও কুতুবদিয়া

আজাদী ডেস্ক | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে মারা যাওয়া শিশুটির নাম রাফসান তালুকদার। সে সুয়াবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারমাসিয়া এলাকার অছিমিয়া তালুকদার বাড়ির মোহাম্মদ শহিদুল্লাহর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সবার অজান্তে ৩ বছরের শিশু রাফসান বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মনছুর বিষয়টি নিশ্চিত করে জানান, খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে ডুবে শিশুটি মারা যায়।

মহেশখালী প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে মরিয়ম বিবি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মরিয়ম বিবি (.) উত্তর ধূরুং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জইজ্যারপাড়া এলাকার নজরুল ইসলাম ও জিসান মনির মেয়ে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে ডুবে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে ভাড়ার ২৫% ছাড় পাচ্ছেন প্রবীণ ও প্রতিবন্ধীরা
পরবর্তী নিবন্ধফ্যামিলি কার্ড মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি