জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) গতকাল রোববার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ আলী চৌধুরী। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপদেষ্টা হুমাইরা তাজরিন। প্রধান অতিথি বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানা এবং সেগুলোর তাৎপর্য অনুধাবন করা প্রত্যেক নাগরিকের জন্য জরুরি। তিনি শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার মো.ওবায়দুর রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ তৈরি এবং জাতীয় ঐক্য ও সংহতির মূল্যবোধ চর্চায় ভূমিকা রাখতে পারে। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












